‘রহস্যময়’ ছবি নিয়ে দিনভর আলোচনার পর শুক্রবার রাতে জানা গেল নিশ্চিত খবর। সাকিব আল হাসান তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন।
সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র এদিন রাতে দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাকিবের বাবা হতে যাওয়ার খবর আলোচনায় আসে দিনের শুরুতে। নতুন বছরের প্রথম দিন একাধিক ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে রহস্যের জন্ম দেন তিনি।
স্ত্রীর পেটে চুমু খাওয়া ছবি পোস্ট করে সাকিব ক্যাপশনে লেখেন, ‘শুরু, নতুন সংযোজন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।’
সাকিবের স্ত্রী শিশিরও ছবিটি শেয়ার করেন। ইনস্টাগ্রাম, ফেইসবুকে চোখের পলকে ছবিটি ভাইরাল হয়ে যায়।
ছবিতে অধিকাংশ মানুষ সাকিবকে অভিনন্দন জানাতে থাকেন। তবে অনেকে বলেন, এটি পুরোনোও হতে পারে!
দেশ রূপান্তর দুপুরে সাকিবের পরিচিত একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। ওই সময় এ বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি।
রাতে নিজের নাম প্রকাশ না করার শর্তে একজন ক্ষুদেবার্তায় বলেছেন, ‘হ্যাঁ, ওর স্ত্রী গর্ভবতী।’
সাকিব ও শিশির ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন। ২০১৫ সালের ৯ নভেম্বর জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। ২০২০ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্ম নেয় ইরাম।
