রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ছুরি মেরে আরিফ (১৬) নামে এক কিশোরকে হত্যা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে হাসান (১৮) ও সোহাগ (১৭) নামে আরও দুই কিশোর। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা মহাখালী ৭তলা বস্তিতে থাকে। রাতে তারা কয়েক বন্ধু মিলে বস্তির কাঁচাবাজারে একটি দোকানে বসে খাবার খাচ্ছিল। এ সময় বিস্ত এলাকার জনি, নুরুসহ কয়েকজন এসে তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা অন্য বন্ধুরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা আরিফকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, আরিফের বুকে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম কবির। সে এবার স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিল বলে তার সঙ্গে আসা বন্ধুরা জানিয়েছে। আর আহত হাসান ও সোহাগকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি বনানী থানায় জানানো হয়েছে।
