ভারতে অগ্রাধিকার ভিত্তিতে ৩০ কোটি জনগণকে বিনা মূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
শনিবার সেদেশের গণমাধ্যমকে এ কথা জানান তিনি। তিনি জানান, সারাদেশে বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
শুক্রবার ভারতে জরুরিভিত্তিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেছে ভারতের সরকারি বিশেষজ্ঞ প্যানেল।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এক টুইটে বলেন, প্রথম পর্যায়ে সারাদেশে ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি সম্মুখ সারির যোদ্ধাদের বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। জুলাইয়ের মধ্যে আরও ২৭ কোটি অগ্রাধিকারপ্রাপ্তদের বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা চলছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জনগণকে ভ্যাকসিন নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেন, পোলিও ভ্যাকসিন দেওয়ার সময়ও বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। তবুও মানুষ ভ্যাকসিন নিয়েছিল এবং এ কারণেই ভারত এখন পোলিওমুক্ত রয়েছে।
ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩ লাখ ৫ হাজারেরও বেশি মানুষ। করোনায় মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ২১৮ জন।
