দায়িত্ব পাওয়ার একদিন পরই রাজধানীর খাল পরিষ্কারের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রথম দিনে শনিবার পান্থপথ বক্স কালভার্টের পাঁচটি ড্রেনেজ পিট থেকে ৭৪ টন বর্জ্য অপসারণ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সকালে পান্থপথ সড়কের পান্থকুঞ্জ পার্কের বক্স কালভার্ট পরিষ্কারের মাধ্যমে খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করে ডিএসসিসি। দুপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে যান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন। পরে তারা বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন উল্লাহ নুরী বলেন, গত ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসা থেকে সব খাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএসসিসির মেয়রের নির্দেশনা মোতাবেক আমরা কালবিলম্ব না করে আজ থেকে কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে আমরা পান্থপথ কালভার্ট থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু করেছি। এরপর আমরা সেগুনবাগিচা কালভার্ট থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করব। পাশাপাশি আমাদের জিরানী, মান্ডা ও শ্যামপুর খালে প্রাথমিক পরিচ্ছন্নতা কাজ চলছে। তারপর সীমানা নির্ধারণ ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব।
তিনি আরও বলেন, মার্চের মধ্যে এ দুটি বক্স কালভার্ট ও তিনটি খাল থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করতে চাই। যাতে এপ্রিলের শুরু থেকে ঢাকা শহর থেকে জলাবদ্ধতা মুক্তি দিতে পারি। সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ শুরু করেছি। আশা করছি, মার্চের মধ্যে আমরা তিনটি খাল এবং দুটো কালভার্ট পরিপূর্ণভাবে পরিষ্কার করতে পারব। যদি আমরা এ সময়ের মধ্যে খাল এবং কালভার্ট পরিষ্কার করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি, এ বছর আমরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাব।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বদরুল আমিন বলেন, পান্থকুঞ্জ পার্কের ভেতরে যে বক্স কালভার্ট রয়েছে সেটির গভীরতা দুই রকম। কোথাও ১১ ফিট আবার কোথাও ২০-২২ ফিট। আমরা কারিগরি কমিটির সহযোগিতায় সঠিক মাপটা বের করব। কালভার্টের ওপর কোনো অবৈধ স্থাপনা নেই। সীমানা নির্ধারণপূর্বক বোঝা যাবে কালভার্টের বাইরে কোনো অবৈধ স্থাপনা আছে কি না।
তিনি জানান, পান্থপথ বক্স কালভার্টে ২৪টি মুখ (ড্রেনেজ পিট) রয়েছে। প্রথম দিনে পাঁচটি ড্রেনেজ পিট থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে। পাঁচটি ড্রেনেজ পিট থেকে ছয় ট্রিপে প্রায় ৭৪ টন বর্জ্য অপসারণ করা হয় বলে জানান তিনি।
পরিষ্কার অভিযানে ডিএসসিসির ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবলা ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
