সাকিব আল হাসান বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসছে ওয়ানডে ও টেস্ট সিরিজে ভালো করতে না পারাটা হবে হতাশার।
রবিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগে যুক্তরাষ্ট্রে যান তিনি। অবশ্য বিমানে ওঠার পরই শ্বশুরের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ সামনে রেখে ১৭ দিন পর ফিরলেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার।
নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব। সেই সঙ্গে করোনা বিরতির পর বাংলাদেশও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে এই সিরিজ দিয়ে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টেস্ট খেলতে উইন্ডিজ দল ১০ জানুয়ারি ঢাকায় আসবে। এরই মধ্যে দুই ফরম্যাটেই স্কোয়াড ঘোষণা করেছে দলটি। করোনা পরিস্থিতির জন্য এক ঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসতে যাচ্ছে ক্যারিবীয়রা। যাদের বিপক্ষে দল হিসেবে খুব ভালো করতে পারাটাই সাকিবের চাওয়া।
বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজ দলকে ধন্যবাদ জানাই, করোনা প্রাদুর্ভাবের পর তারা প্রথম দল হিসেবে এখনে আসতে যাচ্ছে। যে দল তারা ঘোষণা করেছে, আমি মনে করি আমাদের জন্য খুব হতাশার হবে যদি আমরা তাদের বিপক্ষে ভালো করতে না পারি।’
