শামীম ওসমানের ডাকা ৯ জানুয়ারির সমাবেশ স্থগিত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১০:৪৫ পিএম

সংসদ সদস্য শামীম ওসমানের ডাকা বহুল আলোচিত সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরে এই সমাবেশ হওয়ার কথা ছিল।

সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে প্রতিটি উপজেলায় প্রস্তুতি সভা এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকদের চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক শেষে সমাবেশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন  শামীম ওসমান। মূলত করোনার ২য় ধাপ চলমান থাকায় এই সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

জনসমাবেশ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল।

তিনি দেশ রূপান্তরকে জানান, নারায়ণগঞ্জে করোনার প্রকোপ কমে গেলেও রিস্ক আছে। করোনার সেকেন্ড ওয়েভের সতর্কতা চলছে। এমতাবস্থায় স্বাস্থ্যগত বিষয়ের ওপর নজর দিয়ে সমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় চাষাঢ়ায় রাইফেলস ক্লাবে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে বৈঠক করেন এমপি শামীম ওসমান। বিকেলে শুরু হওয়া ওই বৈঠক শেষ হয় সন্ধ্যায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেন, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের নিয়ে বসছিলেন এমপি শামীম ওসমান। করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ৯ জানুয়ারির জনসমাবেশ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত