উখিয়ায় ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০৩:১৬ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

রবিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে পরিবারের সূত্রে জানা গেছে।

নিহত ছাত্রলীগ কর্মী উখিয়া উপজেলার রাজাপালং ৯নং ওয়ার্ডের ধইল্যাঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আবদুল ওয়াহাব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি ঘটনার অভিযুক্ত মুসলিম উদ্দিনের বাবা।

জানা গেছে, এ উপজেলার কুতুপালং ধইল্যাঘোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেল ৩টার দিকে মসজিদের সামনে একই এলাকার আবদুল ওহাবের ছেলে মুসলিম উদ্দিন হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে পালিয়ে যায়, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় শনিবার মুসলিম উদ্দিনসহ অপরাপর সহযোগীদের আসামি করে থানায় একটি অভিযোগও দায়ের করেন সাদ্দাম হোসেনের বাবা।

উখিয়া থানার ডিউটি অফিসার এ ব্যাপারে কোনো তথ্য দিতে নারাজ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ একজন আটকের কথা স্বীকার করলেও বিস্তারিত তথ্য জানাতে অপারগত প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত