লন্ডন থেকে সিলেটে আসা ৪২ যাত্রীকে কঠোর নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। যাত্রীদের নিজ খরচে নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।
সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৪৮ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সিলেটে নামা যাত্রীদের (এক শিশু যাত্রী তালিকাভুক্ত নয়) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়। বাকিরা সিলেট থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা।
যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন স্ট্রেইন নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটটি দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বিমানবন্দর গেটে থাকা বিআরটিসি বাসে করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিয়ে যাওয়া হয়।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব বলেছেন, নতুন আদেশ অনুযায়ী যুক্তরাজ্য ফেরত সব যাত্রীকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হবে। সে অনুযায়ী যুক্তরাজ্য থেকে আসা সবাইকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।’
যাত্রীদের নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেছেন, প্রথমে তাদেরকে কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেল হলি গেইটে নেওয়া হয়েছে। তাদের কেউ যদি সে হোটেলের ব্যবস্থাপনায় সন্তুষ্ট না হন, তাহলে নির্ধারিত উন্নতমানের হোটেল স্টার প্যাসিফিকে নেওয়া হবে।
কোয়ারেন্টিনে থাকা অবস্থায় কোন যাত্রী যাতে বের না হতে পারেন বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা না করেন, সে জন্য এ হোটেলগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
