নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের বাবা মুহাম্মদ সৈয়দ আলী মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গত ২ জানুয়ারি, শনিবার বেলা ১১টার দিকে নরসিংদীর নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজের বাবা। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন রাজ।
বাবার মৃত্যুর দুইদিন পর রাজ একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে রাজ লিখেন, ‘বাবা হলো হৃদয়ের কাবাঘর। আমার সেই পুণ্যলোক পৃথিবীর মাঝে আর নেই। বাবাকে হারানোর বেদনা, কষ্ট, দুঃখ যারা আমার মতো হারিয়েছেন তারা বুঝবেন। যারা হারাননি তারা কিছুটা হলেও বুঝতে পারেন। আমার বাবার চলে যাওয়ার খবর শুনে অনেকে সমবেদনা জানিয়েছেন। তালিকাটা অনেক দীর্ঘ। আলাদা করে কারও নাম না বলি। আমার বাবার জন্য যারা দোয়া করেছেন, যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শোক জানিয়েছেন, ফোন করে খবর নিয়েছেন, সবার প্রতি আমার ভালোবাসা রইলো। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবার আত্মার শান্তি কামনা করবেন। আমার বাবা যেখানেই আছেন, ভালো থাকুক। সবাই বাবার পাশে থাকবেন। বাবার যত্ন নেবেন। মায়ের যত্ন নেবেন। পৃথিবীর সব মা-বাবার প্রতি আমার ভালোবাসা জানাই।’
দেশের আলোচিত নির্মাতা রাজ। একইসঙ্গে ছোটপর্দা এবং বড়পর্দার জন্য কাজ করেছেন এই নির্মাতা। টিভি নাটক দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর নাটক-টেলিফিল্ম-সিনেমা নির্মাণ করেছেন। তার ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
২০১১ সালে ‘প্রজাপতি’ নামক একটি সিনেমা নির্মাণ করেন রাজ। এরপর ২০১৩ সালে ‘ছায়া-ছবি’, ২০১৪ সালে ‘তারকাঁটা’, ২০১৬ সালে ‘সম্রাট’ ও ২০১৮ সালে ‘যদি একদিন’ নির্মাণ করেন তিনি। দীর্ঘদিন মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাজ।
