সিংগাইরে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ছিনতাই

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০৮:৪০ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে লিটন মিয়া (২৮) নামে গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে লক্ষাধিক টাকার স্ক্র্যাচ কার্ড, সিম ও রিচার্জের টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামসা এলাকায় এ ঘটনা ঘটে। লিটন সদর উপজেলার বাগজান গ্রামের আবদুল লতিফের ছেলে।

সিংগাইর গ্রামীণফোন সেন্টারের ইনচার্জ মুশফিকুর রহমান জানান, লিটন সিংগাইরের জামসা ও গোলাইডাঙ্গা এলাকায় বিক্রয় প্রতিনিধি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে অফিসে আসার পথে জামসা এলাকায় অন্য একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তারা লিটনের দুই পায়ে গুলি করে ৭৬ হাজার টাকার স্ক্র্যাচ কার্ড, ১০ হাজার টাকার নতুন সিম ও ৫০ হাজার টাকার লোডের সিম ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লিটন সেখানে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত