নির্বাচন কমিশন তার নৈতিক অধিকার হারিয়েছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার দুপুরে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালনকালে পরিবেশ অধিদপ্তরে সামনে পুলিশের বাধা পেয়ে সেখানেই অনুিষ্ঠত সমাবেশে এ অভিযোগ করেন জোটের নেতারা।
জোটের সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফি রতন বলেন, হুদা কমিশন দিনের ভোট রাতে আয়োজন করে, ভোট ডাকাতির নির্বাচন আয়োজন করে এই (আওয়ামী লীগ) সরকারকে আবারও ক্ষমতায় এনেছে। জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করে নির্বাচন কমিশন এখনও লজ্জ্বাহীন ভাবে তাদের পদ আঁকড়ে ধরে বসে আছে। এই নির্বাচন কমিশন তাদের পদে থাকার সমস্ত অধিকার হারিয়েছে। তাদের অবিলম্বে পদদ্যাগ করতে হবে।
গত ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন ৪২ জন নাগরিক।
ওই প্রসঙ্গ টেনে ক্বাফি বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাই, আপনি আপনার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই নির্বাচন কমিশনের ভোট ডাকাতি আর তাদের দুর্নীতির তদন্ত করুন।
ইউনাইটেড কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বাসদের কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান, সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব লাবলুও সমাবেশে বক্তব্য দেন।
