যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি শামীম ওরফে সমীর (৩০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। অনুপ্রবেশের দায়ে আটক এ ব্যক্তির সাজার মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি।
গতকাল বুধবার সকালে কারাগার অভ্যন্তরে গোসল করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সমীর ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্রনাথের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, সমীর রাঙ্গামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর পুলিশ তাকে আটক করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২০১৯ সালে ৬ মার্চ সমীরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর থেকে তিনি ফেনী কারাগারে ছিলেন। ২০০০ সালের মার্চ মাসে সমীরকে ফেনী থেকে যশোর কারাগারে পাঠানো হয়।
জেলার তুহিন আরও জানান, সমীরের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে তিনবার চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া না মেলায় তিনি কারাগারেই বন্দি ছিলেন। গতকাল সকালে তিনি গোসল করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
