মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালকের মৃত্যু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০৮:৫৩ এএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল খায়ের মুন্সী (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাত আটটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে, বাবা, মা রেখে গেছেন।

আবুল খায়ের কুমিল্লা গণিত ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। 

আবুল খায়ের মুন্সীর দীর্ঘদিনের সহকর্মী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ, কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি ও গণিতের অধ্যাপক ড. মো.আবু জাফর রাতে বলেন, গত শুক্রবার তিনি হৃদ্‌রোগ ও কিডনিজনিত রোগে আক্রান্ত হন। এরপর তাকে প্রথমে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বুধবার রাত আটটায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় সকাল ১০টায় প্রথম জানাজা এরপর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল সংলগ্ন পরচঙ্গা এলাকায়।

তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো কুমিল্লা অঞ্চলের গণিত উৎসবে তিনি নিয়মিত অংশ নিতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত