দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: কাদের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০২:৫৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাদের ভবিষ্যতে আর মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। যেকোনো নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার মতো একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক। সুতরাং মনোনয়ন বঞ্চিতদের যোগ্যতা অনুযায়ী সাংগঠনিক ভাবে মূল্যায়নের সুযোগ রয়েছে ।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে পৃথক পৃথক মনোনয়ন বোর্ড রয়েছে।একটি স্থানীয় সরকার, অপরটি সংসদীয়।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল নেতাদের মতামত, সংশ্লিষ্ট জেলা উপজেলা পর্যায়ের নেতাদের সুপারিশ, সরকারি-বেসরকারি এবং দলীয় সার্ভে রিপোর্ট পাশাপাশি প্রার্থীদের যোগ্যতা, ত্যাগ ও জনপ্রিয়তা বিবেচনা করে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

কোন কোন দলীয় দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধি দলের বিদ্রোহী প্রার্থীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের সংগঠন বিরোধী এসব কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্যথায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত