দেশে মাতৃমৃত্যুর হার লক্ষ্যের চেয়ে ২৪ জন বেশি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০৩:০৩ এএম

দেশে বর্তমানে প্রতি এক লাখ শিশুর জন্মের সময় ১৬৫ জন মা মারা যাচ্ছেন। ২০০৯ সালে মাতৃমৃত্যু ছিল ২৫৯ জন। গত ১০ বছরে মাতৃমৃত্যু হার কমেছে প্রতি লাখ জীবিত জন্মে অন্তত ৯৪ জন। তবে মাতৃমৃত্যুর হার প্রতি লাখ জীবিত জন্মে ৭০ জনের নিচে নামিয়ে আনতে হবে। সে হিসাবে এখনো লক্ষ্যের চেয়ে ২৪ জন মা বেশি মারা যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য শিক্ষা বিভাগ আয়োজিত শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর কৌশল নির্ধারণসংক্রান্ত সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের আনাচেকানাচে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। এখন মায়েদের হোম ডেলিভারিতে নিরুৎসাহিত করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের উদ্যোগী হতে হবে। সরকারি হাসপাতালে সেবা নিতে উদ্বুদ্ধ করতে হবে।’

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর জানান, শহরাঞ্চলে পরিবার-পরিকল্পনা সার্ভিস দেওয়ার ব্যাপারটি অন্য মন্ত্রণালয়ের হাতে থাকায় কাজ করা কঠিন। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি  অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি সাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজি সুশান্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত