করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন গুণী অভিনেতা আজিজুল হাকিম। করোনামুক্ত হলেও শারীরিকভাবে দুর্বল তিনি। তা সত্ত্বেও আবারো শুটিংয়ে ফিরেছেন তিনি।
আজিজুল হাকিম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘বিশেষ দিবসের নাটকে বিশেষ চরিত্রে অভিনয় দিয়ে সুস্থ হবার পর শুটিং শুরু করছি। বিশেষভাবে গ্রহণকৃত স্বাস্থ্যকর পরিবেশে সচেতনতার সাথে দৃশ্য ধারণের কাজ চলবে নিশ্চিত হয়েই সম্প্রতি শুটিংয়ের সিদ্ধান্ত নিই।’
বর্তমানে তিনি ড.মইনুল খান রচিত স্বর্ণমানব-৪ নাটকে গোয়েন্দা মহা পরিচালক এর চরিত্রে অভিনয় করছেন। এর আগেও তিনি এই চরিত্র রূপায়ণ করেছেন। দর্শক জনপ্রিয়তার কারণে ‘স্বর্ণমানব’ নাটকের সিকুয়াল হিসেবে নির্মাণ হচ্ছে নাটকটি। পরিচালনায় রয়েছেন আবু হায়াত মাহমুদ। চোরাচালান রোধে সময়োপযোগী গল্প ও চিত্রনাট্যটি বরাবরের মত এবারও দর্শকের ভালো লাগবে বলেই প্রত্যাশা করেন হাকিম। এই নাটকে তার সহ শিল্পী হিসেবে আছেন সালাউদ্দিন লাভলু, মোশাররফ করিম, মম, রুনা খান সহ আরো অনেকে।
শুটিংয়ে ফেরা নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘নিয়মিত শুটিংয়ের পরিকল্পনা নেই এখন। যদিও আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত শুধুমাত্র বিশেষ কিছু নাটকে অভিনয় ও কিছু ক্ষেত্রে অতীতে শুরু হওয়া ধারাবাহিক নাটক প্রচারের বিঘ্ন এড়াতে ও প্রযোজক পরিচালককে আর্থিক ক্ষতি থেকে সহযোগিতা করতে কিছু নাটকের কাজ করবো। স্বাস্থ্যকর পরিবেশেই নাটকের শুটিংয়ে অংশগ্রহণ করবো। মানসিকভাবে প্রফুল্ল থাকতে ভিন্ন পরিবেশে মাঝে মাঝে সাবধানতা অবলম্বন করে বের হতে চিকিৎসক পরামর্শ দিয়েছেন। সবাই দোয়া করবেন।’
