জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দিনাজপুরের পার্বতীপুরে দরিদ্র ২৬২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে ‘স্বপ্ননীড়’। এতে বদলে যাবে পার্বতীপুর উপজেলার গৃহহীন পরিবারগুলোর ভাগ্য। স্বপ্ননীড়ে বিদ্যুৎ, পানি, খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হবে।
সরেজমিন দেখা যায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদের তত্ত্বাবধানে একসঙ্গে উপজেলার ১০টি ইউনিয়নের ১৭টি স্থানে ২৬২টি ঘরের নির্মাণকাজ চলছে। এতে প্রতিটি পরিবারের জন্য থাকছে দুই কক্ষবিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বাসস্থান।
ঘরগুলো আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলার স্থায়ী বাসিন্দা এবং ভূমি ও গৃহহীনদের দেওয়া হবে।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের বেলাইচন্ডি, মন্মথপুর, রামপুর, পলাশবাড়ী, চন্ডিপুর, মোমিনপুর, মোস্তফাপুর, হাবড়া, হামিদপুর ও হরিরামপুরসহ ১৭টি স্থানে ২৬২ ঘর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে প্রতি পরিবারের জন্য থাকবে দুই শতক জমি। তার ওপর থাকবে রঙিন টিনের চালসহ মেঝে ও আধাপাকা দুটি ঘর। সঙ্গে আছে বারান্দা, রান্নাঘর ও আলাদা স্থানে শৌচাগারের ব্যবস্থা। প্রতি বাসগৃহে ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ বলেন, ১৫ জানুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ করে ঘরগুলো উপকারভোগীদের বুঝিয়ে দেওয়ার আশা করছি।
