যুক্তরাষ্ট্র ‍ও যুক্তরাজ্যের ভ্যাকসিনে আস্থা নেই: ইরান

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০১:৫৭ এএম

ইরানে করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভ্যাকসিন আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনি।

শুক্রবার এক টেলিভিশন ভাষণে তিনি জানান, দেশ দুটির নিজেদেরই মৃত্যু হার বেশি হওয়ায় তাদের ভ্যাকসিনের উপর তিনি আস্থা স্থাপন করতে পারছেন না। 

খোমেনি বলেন, আমেরিকা যদি নিজেরাই ভ্যাকসিন তৈরি করতে পারতো তাহলে তাদের নিজেদের দেশে করোনা পরিস্থিতি খারাপ হতো না। তাছাড়া এখনো সেখানে প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে।

তিনি আরো বলেন, যদি তাদের ফাইজার কোম্পানি সত্যিই ভ্যাকসিন তৈরি করতে পারে তাহলে সে ভ্যাকসিন আমাদের নয় বরং তাদের নিজেদের দেশেই ব্যবহার করা উচিত যাতে মৃত্যুহার কিছুটা কমানো যায়।

যুক্তরাজ্যের ব্যাপারেও একই বক্তব্য প্রদান করে তিনি বলেন, তারা তাদের ভ্যাকসিন অন্য দেশের উপর পরীক্ষা চালাতে চাচ্ছে । তাই তাদের এ ভ্যাকসিনে বিশ্বাস করা যায় না।

ফ্রান্সের ব্যপারেও দ্বিধা

নব্বইয়ের দশকে এইচআইভি সংক্রমিত রক্ত রপ্তানি কেলেঙ্কারির ঘটনার পর ভ্যাকসিন ইস্যুতে ফ্রান্সকেও বিশ্বাস করতে পারছেন না বলে জানান ইরানের এ ধর্মীয় নেতা।

সে সময় ফ্রান্স থেকে রক্ত আমদানিকারক দেশের মধ্যে ইরান ছিল অন্যতম। এক পর্যায়ে দেখা যায় , ফ্রান্সের রপ্তানি করা রক্ত ‘এইচআইভি’ সংক্রমিত। একশ’র উপর ইরানি হিমোফিলিয়ার রোগী এ দূষিত রক্ত গ্রহণ করার ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয় যার ক্ষতিপূরণ ইরান এখনো পায়নি।

খোমেনির এ বক্তব্যের পর ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ফাইজার-বায়োইনটেকের ১৫০,০০০ ডোজ ভ্যাকসিন আমদানির পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে বলে তাসনিম নিউজ ওয়েবসাইটকে জানান সংগঠনটির এক মুখপাত্র মুহাম্মদ হাসান ঘোষিয়ান। এর পূর্বে চীন থেকে এক মিলিয়ন ডোজ ভ্যাকসিন আনার আরেকটি পরিকল্পনা ছিলো রেড ক্রিসেন্ট সোসাইটির।

এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা কর্মসূচী ‘কোভ্যাক্স’ এর আওতায় ১৬.৮ মিলিয়ন ডোজ টিকা নেওয়ার চেষ্টা করছে ইরান সরকার। 

শুক্রবারের এ ভাষণে খোমেনি ইরানের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করে বলেন, তারাই আমাদের গর্ব।

গত ২৯ ডিসেম্বর নিজ দেশের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘কোভিরান বারেকাত’র ট্রায়াল শুরু করেছে ইরান। জনগনকে উৎসাহিত করতে ইরান সরকারের টিমের প্রধান মোহাম্মদ মোখবারের মেয়ে তাইয়েবেহ মোখবার স্বেচ্ছাসেবী হিসেবে প্রথম ভ্যাকসিন নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত