মনগড়া মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ফখরুল

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০৯:০৫ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আর সে জন্য সম্পূর্ণ মনগড়া ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

শনিবার নোয়াখালীতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা এবং মিছিল থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার বিএনপির নেতৃত্ব ধ্বংস করতে চায়। তাই অবৈধ মিডনাইট সরকার তাদের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি থেকে গ্রেপ্তার অব্যাহত রেখেছে। নোয়াখালীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের ন্যক্কারজনক হামলা এবং মিছিল থেকে মিজানকে গ্রেপ্তার তারই ধারাবাহিকতা।’

তিনি বলেন, ‘দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের নির্যাতন-নিপীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো ন্যূনতম নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেপ্তার, কারাবন্দী ও হয়রানি করা হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতে চায় সরকার। এ জন্যই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে সরকারি জুলুম-নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। তবে অতীতে যেমন কোনো স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতন করে দমাতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামী মানুষকে নিরস্ত করতে পারবে না।’

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-সরকারি জুলুম-নির্যাতনকে পরোয়া না করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরো দৃঢ় সংকল্পবদ্ধ হবে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার এবং স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমানের নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন।

অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম  অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারসহ স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমানের শর্তহীন মুক্তি দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত