আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১২:৩০ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সুমিত কুমার কর হৃদয় (২৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কের উপজেলার  ফকির বাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার পাচঁগাও দেওয়ানপাড়া গ্রামের শেখর রঞ্জন করের ছেলে এবং নরসিংদী জেলা পুলিশে কর্মরত ছিলেন।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ক্রান্তি রায় দেশ রূপান্তরকে জানান, হৃদয় নরসিংদী জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে সে বন্ধুদের সঙ্গে মাধবদীতে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে দুইটি মোটরসাইকেল নিয়ে ৪ জন বন্ধু ফিরে তাদের বাড়ি দেওয়ানপাড়া যাওয়ার পথে উপজেলার ফকির বাড়িতে এসে পেছনে থাকা মোটরসাইকেলটি সামনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় হৃদয় পড়ে রাস্তাতে থাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। আহত অবস্থায় আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৩ জন।

নিহত হৃদয়ের এক ভাই ও এক বোন ছিল। গত ৩ বছর আগে তিনি পুলিশের চাকরিতে যোগদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত