কক্সবাজারের উখিয়ায় ফোরকান আহমদ ওরফে কালু (২২) নামের এক স্থানীয় দোকান কর্মচারীকে গলা কেটে টাকা লুট করে নিয়ে অপর সহযোগী রোহিঙ্গা কর্মচারী পালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার ভোররাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত দোকান কর্মচারী উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশনের স্থানীয় ব্যবসায়ী শাহ আলমের মালিকানাধীন একটি ডেকোরেশনের দোকানে স্থানীয় ও রোহিঙ্গা কর্মচারীরা কাজ করতেন দীর্ঘদিন ধরে। এ কারণে রাতে এক সঙ্গে ওই ডেকোরেশনের দোকানে ঘুমান তারা।
সর্বশেষ রবিবার ভোরে যেকোনো সময়ে স্থানীয় কর্মচারী ফোরকান আহমদ ওরফে কালু (২২) কে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে অপর রোহিঙ্গা কর্মচারী। এ সময় দোকানে থাকা ৪৫ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়া রোহিঙ্গা কর্মচারীর পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে পুলিশ।
উখিয়া থানার ওসি আহমদ সঞ্জুর মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ রবিবার বেলা ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে। আসামিদের ধরার চেষ্টা চলছে। দোকান মালিক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
