ছেলের বন্ধু পরিচয়ে পুলিশের এসআই সেজে বাড়িতে এসে চায়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে প্রায় বিশ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে মাদারীপুরের কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামে।
রবিবার সকাল ৯ টার দিকে বাড়ির চারজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে সদর উপজেলার ভরুয়াপাড়া গ্রামের মৃত ছালাম হাওলাদারের বাড়িতে ঢাকায় থাকা তার বড় ছেলে আল-আমিনের বন্ধু পরিচয়ে আসেন পুলিশের এসআইধারী রবিউল ইসলাম নামে এক ব্যক্তি। কথা-বার্তা ও গল্প-গুজবের একপর্যায়ে চা-বিস্কুট খেতে দেয় রবিউলকে। তবে রবিউল কৌশলে চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেয়।
এরপর রবিবার সকালে স্থানীয়রা ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। পরে দরজা ভেঙে সবাইকে অচেতন দেখতে পায়। এ সময় আল-আমীনের মা হাসিয়া বেগম, তার ভাই ইমরান হাওলাদার, চাচি মনোয়ারা বেগম, মনোয়ারা আক্তারকে উদ্ধার করা হয়। পরে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে প্রতারকেরা স্বর্ণালংকার, নগদ অর্থ, মোটরসাইকেলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
মাদারীপুর সদর থানা অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়া জানান, খবর পেয়ে দুপুুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা-পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
