জঙ্গি-রাজাকার পালনকারীদের রুখতে নৌকায় ভোট চাইলেন রেজাউল

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৯:৩২ পিএম

জঙ্গি-খুনি-রাজাকার লালনকারীদের রুখে দিতে আসন্ন সিটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চসিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

রবিবার বিকেলে ৩য় দি‌নের দলীয় প্রচারণায় নগরীর উত্তর কাট্টলী, উত্তর পাহাড়তলী ও সরাইপাড়া ওয়ার্ডে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় রেজাউল করিমের সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, মাহফুজুল হায়দার রোটন, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ও নুরুল আবছার মিয়া প্রমুখ।

রেজাউল করিম বলেন, বিএনপি নেতারা লুটপাটের অর্থ নিয়ে বিদেশে ব‌সে দেশীয় দোসরদের দি‌য়ে আন্দোলনের কথা ব‌লে। আন্দোলনের না‌মে মানুষ পুড়িয়ে মারা, দে‌শের সম্পদ বিনষ্ট করা এ দে‌শের মানুষ আর সহ‌্য কর‌বে না। আগামী চ‌সিক নির্বাচ‌নে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নৌকায় ভোট দি‌য়ে চট্টগ্রাম থেকে বোমাবাজ, দুর্নীতিবাজ, খুনি ও আগুন সন্ত্রাসীদের সমুচিৎ জবাব দি‌তে হবে।

তি‌নি আরও ব‌লেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বীর  চট্টলার মানুষ সর্বাগ্রে রুখে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে বাংলা‌দে‌শের উন্নয়‌নের অগ্রযাত্রা‌কে ব্যাহত কর‌তে যারা উঠে প‌ড়ে লে‌গে‌ছে, সেই জ‌ঙ্গি, রাজাকার ও বঙ্গবন্ধুর খুনির মদদদাতাদের রুখে দিতে আওয়ামী লী‌গের প্রতীক, স্বাধীনতা-গণতন্ত্র ও উন্নয়‌নের প্রতীক  নৌকায় ভোট দি‌য়ে চট্টগ্রামের মানুষ আমাকে চসিকের মেয়র নির্বা‌চিত করবেন। মেয়র নির্বাচিত হ‌য়ে আমি একটি সাম্প্রদা‌য়িকতা মুক্ত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, পরিবেশবান্ধব, পর্যটক বান্ধব, বা‌ণিজ্য অনুকূল, স্বাস্থ্যকর, নান্দনিক ও স্মার্ট চট্টগ্রাম সি‌টি গড়ে তুলবো।

এর আগে দুপুরে নৌকা প্রতীকে পূর্ণ সমর্থন জানিয়েছে, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত