শীর্ষ নেতৃত্ব যত দিন, ক্ষমতাসীন আওয়ামী লীগে তত দিন ঠিক দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এর বাইরে তাদের অবস্থা ঠুনকো। অন্যদিকে, বিএনপির সংগঠন যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে মনে করেন তিনি।
তিনি বলেছেন, মানুষ বিকল্প চায়। দুই দলের বাইরে জাতীয় পার্টির সেই সম্ভাবনা আছে।
রবিবার রাজধানীর বনানীতে দলীয় এক সভায় এসব কথা বলেন তিনি। দুই দলের নেতৃত্বের অবস্থা তুলে ধরে জাতীয় পার্টির অবস্থান শক্তিশালী করতে কর্মীদের আহ্বান জানান তিনি।
জি এম কাদের বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব শূন্য। তাদের শীর্ষ নেত্রী মুচলেকা দিয়ে রাজনীতি থেকে দূরে ঘরে বসে আছেন। এরপরে যিনি তিনি কনভিক্টেড, বিদেশে আছেন। এর নিচে যে নেতৃত্ব আছে, তাদের অবস্থা ভালো নয়।
তিনি বলেন, তাছাড়া আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে আছে। উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যতটুকু, দল ততটুকু। নিচে কেউ নেই। ওনার দলের সাবেক মেয়র বলেন ‘বর্তমান মেয়র উপযুক্ত নন।’ দলের শীর্ষ নেতার ভাই বলেন, ‘পালানোর পথ খুঁজে পাবেন না’। শীর্ষ নেতৃত্ব যত দিন, তত দিন ঠিক। এর বাইরে তাদের অবস্থা ঠুনকো।
জাপার অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্ব সভায় আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান প্রমুখ।
