নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোরাই ফার্নেস তেলসহ মো. জাহাঙ্গীর আলম (২৮) নামে একজনকে আটক করেছে র্যাব-১১। এ সময় একটি তেলের ট্যাঙ্কার ট্রাক জব্দ করা হয়।
গত রবিবার রাত ৭টার দিকে উপজেলার আটি গ্রামের ছাপাখানার দক্ষিণ পাশে মো. হান্নান প্রধানের ফার্নেস তেলের হাউজে এ অভিযান চালানো হয়।
সোমবার দুপুরে র্যাব-১১ কোম্পানি কমান্ডার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোদনাইল এলাকার পদ্মা ও মেঘনা ডিপোকেন্দ্রিক কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট চোরাই তেলের আস্তানা গড়ে তুলেছে। হান্নান প্রধানের প্রত্যক্ষ মদদে ডিপো থেকে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে আটি এলাকায় মাটির নিচে ৫০ থেকে ৬০ হাজার লিটার ধারণক্ষমতার তেলের হাউজ তৈরি করা হয়। সেখানে চোরাই ফার্নেস তেল মজুদ এবং রাতে তেলের ট্যাঙ্কার ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বিক্রি করে আসছে। এই চোরাই তেলের আস্তানার মালিক হান্নান প্রধানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।
পলাতক হান্নান প্রধান ও আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম নেওয়া হবে।
