যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও আফ্রিকান-এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হয়ে নজির গড়েন কমলা হ্যারিস। কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার মধ্যে আনুষ্ঠানিকভাবে দেশটির ভাইস-প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন পেয়েছেন তিনি।
তবে শপথ গ্রহণের আগে কমলার গায়ের নিয়ে রঙ বিতর্ক দেখা দিয়েছে। জনপ্রিয় লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদে তাকে ফরসা দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
নিউজ ডটকম, সিবিএস নিউজের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের রানিংমেট হিসেবে নির্বাচিত হয়ে আলোচনায় আসেন কমলা। কৃষ্ণাঙ্গ ও আফ্রিকান-এশীয় হিসেবে ভোটারদের সহানুভূতিও পান তিনি।
নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে দেন জো বাইডেন। আর কয়দিন পরেই নতুন প্রশাসনের দায়িত্ব নিতে যাচ্ছেন বাইডেন-কমলা।
ফেব্রুয়ারি মাসের প্রচ্ছদের জন্য কমলাকে বেছে নিয়েছে ‘ভোগ’। রবিবার টুইটারে কমলাকে নিয়ে তৈরি দুটি প্রচ্ছদ প্রকাশ করে তারা।
নিজস্ব ফ্যাশনেই প্রচ্ছদ দুইটিতে হাজির হয়েছেন কমলা। একটি দেখা যাচ্ছে, তিনি কালো ট্রাউজার্স এবং জ্যাকেট পরে আছে এবং পায়ে সাদা-কালো স্নিকার্স। আর অন্যটিতে হালকা নীল রংয়ের স্যুট পরে দাঁড়িয়ে আছেন তিনি।
তবে দুটি ছবিতেই কমলার গায়ের রং ফর্সা। বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। এতে লাইফস্টাইল ম্যাগাজিনটির বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠছে।
টুইটারে নেটিজেনদের অনেকেই ‘ভোগ’-কে ট্যাগ করে ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাগাজিনটির সম্পাদক ব্রিটিশ-আমেরিকান অ্যানা উইন্টরের সমালোচনা করেছেন তাদের অনেকে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের কর্মী ওয়াজাহাত বলেন, ‘অ্যানা উইন্টরের কোনও কৃষ্ণাঙ্গ বন্ধু বা সতীর্থ নেই বোধ হয়। বিনা পয়সায় নিজের ফোনে কমলা হ্যারিসের ছবি তুলে দিতে পারি আমি। ভোগের প্রচ্ছদের চেয়ে সেগুলো একশ গুণ বেশি ভালো হবে।’
এদিকে কমলা হ্যারিস ও ‘ভোগ’-এর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।
তবে নিউইয়র্ক পোস্ট জানায়, বর্ণবিদ্বেষের অভিযোগ অস্বীকার করেছে ভোগ এবং ছবি দুটি কমলাই বেছে নিয়েছেন বলে তাদের দাবি।
