সড়কে অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যু: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৯:৫৪ পিএম

রাজধানীর দারুস সালাম টেকনিক্যাল মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অভিনেত্রী আয়েশা আক্তার আশার মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আশার মা পারভীন আক্তারের পক্ষে সোমবার আইনজীবী আনিচুর রহমান আবেদনটি করেন। কার্যতালিকায় এলে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে।

তিনি জানান, ক্ষতিপূরণের দাবির পাশাপাশি আবেদনে ওই দুর্ঘটনার জন্য কারা দায়ী তা নিরূপণে স্বাধীন তদন্ত কমিটি করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলের আরজি জানানো হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৪ জানুয়ারি রাত ২ টার দিকে দারুস সালাম টেকনিক্যাল মোড়ে একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান মোটরসাইকেলে থাকা আশা চৌধুরী। ট্রাকটি তার মাথার ওপর দিয়ে চালিয়ে দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আশার পরিবারের করা মামলায় মোটরসাইকেলের চালক ও আশার পূর্ব পরিচিত শামীম আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৬ জানুয়ারি শামীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত