কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে চার বছরের শিশু মোহাম্মদ জিসান ও তার বাবা মাহাবুবুল হকের (৪৫) মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় ৬টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার মক্রবপুর ইউনিয়নের বাননগর গ্রামের উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুবুল ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই গ্রামের বাসিন্দা মফিজুর রহমান বলেন, সন্ধ্যার আগ মুহূর্তে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল বাবা-ছেলে। একপর্যায়ে চার বছরের জিসান হঠাৎ রেললাইনের ওপর চলে যায়। এ সময় ট্রেন আসতে দেখে মাহাবুবুল হক দৌড় দেন ছেলেকে বাঁচাতে। মুহূর্তের মধ্যে ট্রেন চলে এলে বাবা-ছেলে দুজনই কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
পরে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ঘটনাস্থলে পড়ে রয়েছে ছেলের মরদেহ আর বাবার মরদেহ প্রায় ৩’শ ফিট দূরে। প্রাথমিকভাবে জানা গেছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তারা।
রাতে দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নিজাম উদ্দিন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
