যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে অনুদান দেওয়া বন্ধ করছে দেশটির বহু প্রতিষ্ঠান। দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালানো এবং জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে না নেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুদান বন্ধের সিদ্ধান্ত নেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় জেপি মর্গান, সিটি গ্রুপ, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোও রয়েছে বলে জানিয়েছে এএফপি।
গত বুধবার ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে তাণ্ডব চালায়। গেট ভেঙে সিনেটের হলরুম পর্যন্ত পৌঁছে যায় তারা। শুধু তাই নয়, বেশ কয়েকজন আইনপ্রণেতার অফিসে ঢুকে জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয়। যখন তারা এ ঘটনা ঘটায়, তখন কংগ্রেসের যৌথ অধিবেশনে সরকারিভাবে জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল।
হাঙ্গামার ফলে সাময়িক সময়ের জন্য অধিবেশন বন্ধ করেও রাখতে হয়। হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ক্যাপিটলের বাইরে বের করার পরে ফের অধিবেশন বসে। সেখানে বাইডেনের বিপক্ষে দাঁড়ান বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর। তারা ট্রাম্পকে সমর্থন করে বলেন, নির্বাচনে কারচুপি হয়েছে। ফলে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে রাজি নন তারা।
