আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
সোমবার নগরীর কাজির দেউরিসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বশির আহমদ, নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার জাকিয়া হোসাইন, বুলবুল আহমদ প্রমুখ।
এ প্রসঙ্গে মুহাম্মদ হাসানুজ্জমান বলেন, করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল উদ্দেশ্য। আসন্ন সিটি নির্বাচনে গণজমায়েত পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে প্রচার চালাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।
এছাড়াও নির্বাচনে ব্যবহৃত ইভিএম মেশিন সম্পর্কে ধারণা দিতে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে। ভোটারদের ভোট দিতে কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।
