পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ আ.লীগ নেতা বিপুসহ কয়েকজনের বিরুদ্ধে

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০২:৩১ পিএম

যশোরে ইমরান নামে এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুসহ ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার রাতের এ ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে যশোর শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের বাড়ি ভাঙচুর করেছে রাতে।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন মঙ্গলবার সকালে জানান, সোমবার রাত ৮টায় পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল ইমরান সাদা পোশাকে পুরাতন কসবাস্থ শহীদ মিনারে বসে এক নারীর সঙ্গে গল্প করছিলেন।

এ সময় ক্ষমতাসীন দলের কতিপয় নেতাকর্মী সেখানে গিয়ে নারীর সঙ্গে গল্প করতে দেখে তার ওপর চড়াও হন। নিজের পরিচয় দিয়ে ও পরিচয়পত্র দেখিয়ে পুলিশ কনস্টেবল ইমরান এর প্রতিবাদ করেন।

এ সময় তারা তাকে শহীদ মিনার থেকে ধরে নিয়ে যায় পাশের আবু নাসের ক্লাবে। সেখানে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু উপস্থিত ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুসহ চারজনকে আটক করে পুলিশ লাইনসে নিয়ে যায়।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশ সদস্যকে মারধর করে তারা আইন ভঙ্গ করেছে। যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুকে বন্ড নিয়ে ছেড়ে দেয়া হবে।

তবে দুপুর একটা পর্যন্ত আটক চারজন পুলিশ লাইনসে ছিলেন। তাদের বিরুদ্ধে তখনো কোনো ব্যবস্থা পরিলক্ষিত হয়নি।

এদিকে জেলা আওয়ামী লীগের সদস্য উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু ও যুবলীগের সদস্য মুনসুর আলম জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের তাদেরসহ ৫/৬ জন নেতার বাড়িতে গিয়ে গালিগালাজ ও সামনের অংশ ভাঙচুর করেছে। এ সময় পুলিশ বাড়ির সামনের সিসি ক্যামেরাও ভাঙচুর করে।

একই অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা ও যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোস্তফা।

তিনি বলেন, ঘটনা ঘটেছে পুরাতন কসবায় কিন্তু পুলিশ কেন আমার শংকরপুরের বাড়ি ভাঙচুর করলো বুঝতে পারছি না।

আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর বিষয়ে পুলিশ সুপার বলেন, বিষয়টি তার জানা নেই।

এ ছাড়া ঘটনার বিষয়ে জানতে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামানের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত