বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায়। গত রবিবার ঢাকায় পৌঁছেই প্রথম ধাপে করোনা পরীক্ষার নমুনা দেন সবাই। যে পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্থলে বলেন, ‘ক্যাম্পে থাকা সকলেই ভালো ও সুস্থ আছেন। বাংলাদেশে করা প্রথম করোনা পরীক্ষায় সকলের ফল নেগেটিভ এসেছে।’
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে সবার করোনা পরীক্ষা করা হবে। এরপর দলের অনুশীলন শুরু হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষাটি মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু সেটি দুই দিন পিছিয়ে গেছে।
সপ্তম দিনে হবে তৃতীয় করোনা পরীক্ষা। এরপরই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ হবে ক্যারিবীয় দলের।
১৮ জানুয়ারি সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যে সীমিত ওভারের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২০ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।
