করোনা শঙ্কায় বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজের এক ঝাঁক তারকা। নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত ওভারের কাপ্তান কিয়েরন পোলার্ডও রয়েছেন যে তালিকায়।
করোনা শঙ্কায় বাংলাদেশে না আসা ক্রিকেটারের সংখ্যা ১০। আর ব্যক্তিগত কারণে না আসা সংখ্যাটা ২। এতজন ক্রিকেটার এক সঙ্গে বাংলাদেশে না আসায় দলটির অনেক সাবেক ক্রিকেটারও ক্ষুব্ধ।
তবে ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স হোল্ডার-পোলার্ডদের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন। সেই সঙ্গে যারা এসেছেন, তাদেরকে কোচ শোনালেন বড় প্রেরণার কথা। লুফে নিতে বললেন এই সুযোগ।
মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘প্রথম সিরিজ থেকেই আমাদের সব ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছিল (সফর করা বা না করার সিদ্ধান্ত নেওয়ার)। কেউ প্রথম সিরিজে যায়নি, কেউ দ্বিতীয় সিরিজে, কেউ কেউ এই সিরিজে। সবারই নিশ্চয়ই ভিন্ন ভিন্ন কারণ আছে। আমি কেবল নিজের সিদ্ধান্তই নিতে পারি।’
‘এখানে ছেলেদের কাছে আমার বার্তা, এখানে তোমরা কারও জায়গা পূরণ করতে আসোনি, বরং তোমাদের জন্য এটি সুযোগ। এই দলে জায়গা পাকা করার সুযোগ এটি। এখানে ভালো করলে তা সামনে এগিয়ে যাওয়ায় সহায়ক হবে। এখানে ৩ ওয়ানডে ও ২ টেস্টে ভালো করা মানে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যেখান থেকে তোমাকে সরানো যাবে না। এই সুযোগটা কেবল তোমারই।’
