পেসারদের ভিড়ে নিজেকে নিশ্চিত ভাবেন না সাইফ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৩:৩৩ এএম

২০১৭ সালে অভিষেক হয় মোহাম্মদ সাইফউদ্দিনের। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে উজ্জ্বল ভবিষ্যৎ তার। কিন্তু ক্যারিয়ারের চতুর্থ বছরে পা দিলেও বারবারই ইনজুরিতে বড় সিরিজ মিস করতে হয়েছে সাইফুদ্দিনকে। মিস করেছেন ঘরোয়া টুর্নামেন্টও। বড় ম্যাচ এলেই ইনজুরিতে পড়েন সাইফউদ্দিন- এমন অভিযোগ নিয়মিতই হয়ে গেছে। অবশ্য সেসব পেছনে ফেলেছেন এই অলরাউন্ডার। এখন অপেক্ষায় আছেন উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ভালো করার।

ইনজুরির কারণে গত বিপিএলে খেলতে পারেননি সাইফুদ্দিন। মিস করেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টির শুরুর কয়েক ম্যাচ। এখন ফিটনেসের অবস্থা কেমন- এ প্রশ্নে সাইফুদ্দিন জানালেন আশার কথা, ‘খুব চিন্তায় ছিলাম যে ইনজুরি কাটিয়ে উইন্ডিজ সিরিজের আগে ফিরতে পারব কি না। কিন্তু ফিজিও’র তত্ত্বাবধানে গত কিছুদিন রিহ্যাব আমার খুব ভালো কেটেছে এবং এখন বেশ ফিট অনুভব করছি।’

দীর্ঘ বিরতি দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ। সেই সঙ্গে ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও নতুন করে শুরু করতে যাচ্ছেন। এ দুই বিষয়কে খুশির উপলক্ষ বললেন সাইফুদ্দিন। সেই সঙ্গে অনেকদিন পর আন্তর্জাতিকে নামলেও চাপ দেখছেন না তিনি, ‘জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই খুশির ব্যাপার। ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিকের চ্যালেঞ্জ ও আবহ ভিন্ন। সবচেয়ে বড় কথা আমাদের মাঝে সাকিব ভাই ফিরে এসেছে। তাকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিকে ফিরতে পারা বাড়তি আনন্দ দিচ্ছে। এছাড়া নিজেদের কন্ডিশনে খেলব তাই বাড়তি আত্মবিশ্বাস কাজে দিচ্ছে। আমাদের আন্তর্জাতিকে ফেরার কোনো চাপ নেই। কারণ গত তিনদিন সবাই খুব আত্মবিশ্বাসের সঙ্গে অনুশীলন করছে। আমরা সবাই প্রস্তুত।’

পেস অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন এমনিতেই একাদশের অটোমেটিক চয়েজ। কিন্তু সম্প্রতি বাংলাদেশের পেস বিভাগে দারুণ বিপ্লব এসেছে। গত দুটি ঘরোয়া টুর্নামেন্টে পেসাররা দারুণ পারফরম করেছেন। তার প্রতিফলন টেস্ট ও ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে ৯ জন পেসারের উপস্থিতি। এখন তাই একাদশে পেস অলরাউন্ডার হিসেবে নিজের স্থান নিশ্চিত দেখছেন না সাইফুদ্দিন। পারফরম করেই দলে ঢুকতে হবে বলে জানান, ‘এখন দলে এই জায়গাটাতে খুব প্রতিযোগিতা। আমি চাইলেই দলে সুযোগ পাব না। তাই চেষ্টা করছি যেন অনুশীলনে সেরাটা দিয়ে একাদশে সুযোগ পেতে পারি। সামনে উইন্ডিজের সঙ্গে অনুশীলন ম্যাচও আছে। জাতীয় দলে ডাক পাওয়ার জন্য ম্যাচ দুটিতে ভালো করা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। সব মিলিয়ে আমরা খুব উপভোগ করছি আশা করি সিরিজে জড়তা ছাড়া নামতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত