চসিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আটক ২৬

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৯:৪৪ এএম

চট্টগ্রাম সিটি নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গোলাগুলিতে একজনের মৃত্যুর পর ২৬ জনকে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে একজন কাউন্সিলর প্রার্থীও আছেন। তবে এ বিষয়ে সরাসরি সিএমপির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর ডবলমুরিং থানার ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকার তাহের ভবন থেকে তাদের আটক করা হয়েছে। 

সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরসহ ২৬ জনকে আটক করা হয় বলে নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা নিশ্চিত করলেও তিনি নাম প্রকাশে অনীহা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং থানার ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় গোলাগুলিতে নিহত হন আজগর আলী বাবুল (৫৫) নামে এক ব্যক্তি।

সিএমপির উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক জানান, পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে রাত ৮টার দিকে সংঘর্ষ হয়। সেখানে গোলাগুলিতে আজগর আলী মারা যান।

মাহবুব নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, নজরুল ইসলাম বাহাদুর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য এবং পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

২০১০ সালে তিনি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী আবদুল কাদেরের কাছে তিনি পরাজিত হয়েছিলেন।

নজরুল ইসলাম বাহাদুর বলেন, আমরা মোগলটুলি এলাকায় গণসংযোগ করছিলাম, সেখানে আমি মেয়র প্রার্থী রেজাউল ভাইয়ের নির্বাচনী কার্যালয়ে কিছুক্ষণ বসি। পরে আমি নজির ভাণ্ডার লেইনে নির্বাচনী গণসংযোগ করতে  গেলে সেখানে বৃষ্টির মতো গুলি শুরু করে সন্ত্রাসীরা। আবদুল কাদেরের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলার পাশাপাশি গুলিবর্ষণ করে। এতে আমাকে বাঁচাতে গিয়ে বাবুল নামে আমার একজন কর্মী নিহত হয়েছেন। 

এ বিষয়ে বিদ্রোহী  কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত