কেন্দ্র ব্যর্থ হলেও বিনামূল্যে টিকা পাবে দিল্লির মানুষ: কেজরিওয়াল

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৮:৪৬ পিএম

ভারতের কেন্দ্রীয় সরকার ব্যর্থ হলেও দিল্লির বাসিন্দারা বিনামূল্যে করোনার টিকা পাবে বলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই'র খবর।

বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র বিনামূল্যে টিকা দিতে ব্যর্থ হলেও আম আদমি পার্টি সরকার দিল্লির মানুষকে বিনামূল্যে করোনার টিকা প্রদান করবে।’

তিনি জানান, দেশে বিনামূল্যে টিকা নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে কেন্দ্রের কাছে আবেদন করেছেন। কারণ, এমন অনেক মানুষ আছেন যাদের এই টিকা সংগ্রহের সামর্থ্য নেই।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা দেখব কেন্দ্র কী করে। যদি প্রয়োজন হয় এবং কেন্দ্র বিনামূল্যে টিকা প্রদান না করে, তাহলে আমরা দিল্লির জনগণের জন্য তা বিনামূল্যে সরবরাহ করব।’

ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ানো বন্ধ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বুঝতে পেরেছি কেন্দ্র এবং আমাদের বিজ্ঞানীরা সব প্রোটোকল ও নিরাপত্তা অনুসরণ করে টিকা নিয়ে এসেছে। সুতরাং, এটি নিয়ে কোনো সন্দেহ থাকা উচিৎ নয় এবং টিকা নিতে মানুষের এগিয়ে আসা উচিৎ।’

তিনি জানান, শুরুতে স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হবে। আগামী শনিবার থেকে দিল্লির ৮৯টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত