নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী ওমর ফারুকের বসতবাড়ি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় বধির সংঘ জেলা শাখার সদস্যরা।
বুধবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে জেলা বধির সংস্থার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, বধির সংস্থার সদস্য ওমর ফারুকের পৈতৃক বাড়ি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ভাঙচুর, লুটপাট ও হামলা করেছে আল-জয়নাল। এই অসহায় প্রতিবন্ধীর বাড়ির ওপর তার কুদৃষ্টি পড়েছে। সাংসদ ও মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলছি। এই বধিরের ভোটে আপনি আজ জনপ্রতিনিধি হয়েছেন। কিন্তু আপনাদের চোখের সামনে ভূমি-সন্ত্রাসী আল-জয়নাল একজন নিরীহ বাকপ্রতিবন্ধীর বাড়ি কীভাবে দখল করে। এর বিচার নারায়ণগঞ্জের সবার কাছে রেখে গেলাম।
মানববন্ধনে ভুক্তভোগীর স্ত্রী বলেন, পুলিশ সুপারের হস্তক্ষেপে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই আমাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছে গিয়েও আমাদের সমস্যার সমাধান পাইনি। দুদিন পর পর ওই সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে হামলা করে, আমাদের মারধর করে।
মানববন্ধনে বধির সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।
