মেয়র প্রার্থীর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার সাধারণ নির্বাচন স্থগিত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০৭:০২ পিএম

দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র পদের নির্বাচন বাতিল ঘোষণাসহ অন্যান্য পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

সৈয়দপুর পৌরসভার সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ভজের মৃত্যুতে বৃহস্পতিবার ওই আদেশ জারি করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশে দুপুরের মেয়র পদের নির্বাচন বাতিল করে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের নির্বাচন স্থগিতের নির্বাচনী এলাকায় গণ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, সৈয়দপুর পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ভজে রাজধানীর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান। 

তার মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ২০ অনুসারে কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে মেয়র পদের নির্বাচন কার্যক্রম বাতিল ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  অন্যান্য পদের নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ জারি করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, ওই আদেশের প্রেক্ষিতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক মেয়র পদের নির্বাচন বাতিল ঘোষণা করে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করে নির্বাচনী এলাকায় গণবিজ্ঞপ্তি জরি করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত