দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী মরফিয়া বেগমকে (৩৬) আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাকে আটক করা হয়। নিহত স্বামী চান মিয়া ওরফে চান্দু (৪০) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আলেফ উদ্দিনের ছেলে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী একই ঘরে শুয়ে ছিলেন। শুক্রবার সকালে অভিযুক্ত মরফিয়া বেগমের কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন নিহতের বাড়িতে আসে। তারা চান মিয়াকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়।
স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে সন্দেহভাজন হিসেবে স্ত্রী মরফিয়া বেগমকে আটক করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে ও থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
