হবিগঞ্জে ছুরিকাঘাতে কিশোর রাজমিস্ত্রি আলমগীর (১৭) হত্যাকা-ের ঘটনায় গত বৃহস্পতিবার বাহুবল থানায় একটি মামলা হয়েছে। চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনসহ নয়জনকে আসামি করে মামলাটি করেন আলমগীরের মা পারভীন আক্তার। তবে মামলার কোনো আসামিকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ৬ জানুয়ারি রাতে বাহুবল উপজেলার মুগকান্দি গ্রামের একটি ওরস চলাকালে সেখানে এক কিশোরের গায়ে আরেক এক কিশোরের ধাক্কা লাগে। এর জেরে গত মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আলমগীর। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সব আসামির বয়সই ১৮ বছরের নিচে। এদের মধ্যে স্কুলের এক ছাত্রও রয়েছে। তাই সংগত কারণে তাদের নাম বলা যাচ্ছে না। তারা সবাই পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
