নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষিজমি ও খালের মাটি কেটে বিক্রির অভিযোগে রাজিব ভূঁইয়া (১৯) নামে এক তরুণকে কারাদণ্ড দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকায় এ ঘটনা ঘটে। রাজিব উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আরজান মিয়ার ছেলে।
জানা যায়, অভিযানকালে উত্তেজিত জনতা মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও কয়েকটি ট্রাক ভাঙচুর করে। পরে পুলিশের সহযোগিতায় তাদের শান্ত করা হয়।
আড়াইহাজার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী, ফাউসা, ছোট ফাউসা, মারুয়াদীসহ বিভিন্ন এলাকায় খালের খননকৃত মাটি ও কৃষকের ফসলি জমির মাটি জোরপূর্বক বিক্রি করে আসছিল একটি মহল। পরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মাটি কাটার ব্যাপারে পুরো উপজেলায় এরকম আরও অভিযান পরিচালনা করা হবে।
