আগাম দাম দিয়েও এখনই ভারতীয় টিকা পাচ্ছে না ব্রাজিল

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১০:৩০ এএম

ভারতে গণ টিকাদান প্রকল্প শুরু হচ্ছে শনিবার। তার আগেই এ দেশ থেকে টিকা কেনার জন্য প্লেন পাঠানোর কথা ঘোষণা দেয় ব্রাজিল। আগাম টাকাও দিয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, অন্যান্য দেশে টিকা দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ভয়েস অব আমেরিকা জানায়, ব্রাজিল বিমান পাঠিয়ে দেওয়ার কথাও বলেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেই বিমান পুণের সেরাম ইনস্টিটিউট থেকে বিশ লাখ ডোজ করোনা প্রতিষেধক বিশেষ কন্টেইনারে করে নিয়ে যাবে।

এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তাড়াতাড়ি যাতে করোনা টিকা পাওয়া যায় সেই অনুরোধ করেছিলেন।

কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার সাংবাদিকদের জানান, এই মুহূর্তে ভারতের টিকাদান কর্মসূচি নিয়ে ব্যস্ততা চলছে, তার প্রস্তুতি চলছে, এখনো সব জায়গায় পুরো ডোজ পৌঁছায়নি। অথচ শনিবার সকাল নয়টায় টিকাদান শুরু হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে অন্য দেশের অনুরোধ মানা সম্ভব হবে না।

আরও জানান, যদিও ভারত বলেছে তাদের তৈরি টিকা যাতে সব দেশই পায় সে ব্যবস্থা করবে। সে ক্ষেত্রেও প্রতিবেশী দেশগুলোকে যে অগ্রাধিকার দেওয়া হবে, সেটাও ভারত আগে জানিয়ে দিয়েছে। তবে এখনই প্রতিবেশী কিংবা দূরের কাউকেই দেওয়া যাবে না। ঠিক কবে দেওয়া যাবে তাও বলা যাচ্ছে না।

ব্রাজিল সরাসরি সেরাম ইনস্টিটিউট থেকে করোনা প্রতিষেধক কিনেছে। তার দামও মিটিয়ে দেওয়া হয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এও বলেছিল, ১৬ জানুয়ারি টিকা নিয়ে তাদের বিশেষে কন্টেইনারবাহী উড়োজাহাজ দেশে ফিরবে।

ব্রাজিলে আনুষ্ঠানিক ছাড়পত্রের পর পাঁচ দিনের মধ্যে সেখানে টিকাদান শুরু হবে বলেও জানায় মন্ত্রণালয়।

এ দিকে প্রধানমন্ত্রী মোদির দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে অনুরাগ শ্রীবাস্তব বলেন, মানবতার স্বার্থে ভারত সবাইকে টিকা পৌঁছে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত