হাদিসশাস্ত্রে মুসলিম নারীদের অবদান নিয়ে ইতিহাসের সর্ববৃহৎ গ্রন্থ প্রকাশিত হলো। ৪৩ খণ্ডের বিশাল কলেবরের এই গ্রন্থে ১০ হাজারেরও বেশি নারী মুহাদ্দিসাত তথা হাদিস বিশেষজ্ঞের জীবন-কর্ম-অবদানের কথা স্থান পেয়েছে। ভারতীয় আলেম কেমব্রিজ ইসলামিক কলেজের ডিন ড. মুহাম্মদ আকরাম নদভির দীর্ঘ ১৫ বছরের নিরলস সাধনার পর ‘আল-ওয়াফা বি আসমাইন নিসা’ নামের এ গ্রন্থ আলোর মুখ দেখল। সৌদি প্রকাশনা সংস্থা দারুল মিনহাজ আরবি ভাষায় লিখিত এই বিশাল গবেষণা প্রকাশের উদ্যোগ নেয়।
এর আগে ২০১৩ সালে গ্রন্থটির সাড়ে তিনশ পৃষ্ঠার ভূমিকা ‘আল মুহাদ্দিসাত : দ্য উইম্যান স্কলারস ইন ইসলাম’ ইংরেজিতে প্রকাশিত হয়, যা পুরো বিশ্বের গবেষক ও পাঠক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করে।
ড. আকরাম বলেন, ‘নারীশিক্ষা নিয়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতেই আমি নারী মুহাদ্দিসদের জীবনী সংকলন শুরু করি। ইসলামের সোনালি যুগের মতো এ যুগের নারীরাও যেন শিক্ষা, অধ্যয়ন ও গবেষণায় ব্রতী হন, এ উদ্দেশ্যেই গ্রন্থটি রচনা করার প্রয়াস পাই।’
ড. আকরাম ১৯৬৪ সালে ভারতের উত্তর প্রদেশের জৌনপুরে জন্মগ্রহণ করেন। ভারতের বিখ্যাত দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে ‘তাকমিল’ শেষ করার পর লক্ষেèৗ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, আরবি ভাষা ও সাহিত্যে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক স্টাডিজের রিসার্স ফেলো হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক কলেজের ডিন এবং আস-সালাম ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্বের পাঁচ শতাধিক বিখ্যাত আলেমের কাছ থেকে তিনি হাদিসের ‘ইজাজত’ লাভ করেন। আরবি, উর্দু ও ইংরেজিতে তিনি ৩০টিরও বেশি গ্রন্থ রচনা করেন। তবে নারীদের অবদান নিয়ে লেখা এ বিশাল গ্রন্থ তাকে স্মরণীয় ও বরণীয় করে রাখবে।
