হাতিয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০২:৩৩ পিএম

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে সন্তানদের সামনে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত ৫ জানুয়ারি নির্যাতিতা নারী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ মামলার আসামিরা ওই নারীকে উত্ত্যক্ত করত এবং কু প্রস্তাব দিত কিন্তু ওই নারী কু প্রস্তাবে রাজি না হয়ে স্বামীকে বিষয়টি জানান। পরে তার স্বামী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান।

এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসামিদের জিজ্ঞাসাবাদ করলে এতে ক্ষিপ্ত হয়ে গত ১ জানুয়ারি হাতিয়ার চানন্দি ইউনিয়নের আদর্শ গ্রামে ওই গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় জিয়া ওরফে জিহাদ, ফারুক, এনায়েত, ভুট্টু মাঝি ও ফারুক বাহিনী ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এতে ব্যর্থ হয়ে তারা ওই গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন চালায়। এ সময় তিনি ও তার ছেলেমেয়েদের আর্তচিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে খবর পেয়ে রাতেই তার স্বামী এসে তাকে উদ্ধার করে ওই দিন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।

নির্যাতিতার ভাই জানান, হাসপাতালে দুই দিন চিকিৎসা নিয়ে ৫ জানুয়ারি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ নং আদালতে মামলা দায়ের করেন।

পরে আদালত হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে সাত কর্মদিবসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক জানান, আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর গতকাল শনিবার তিনি নিজে ঘটনাস্থলে যান। আগামী দুই তিন দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আসামিদের ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত