স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘বিশেষ জার্সি’ পরে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তামিম ইকবাল, সাকিব আল হাসানদের জার্সিতে থাকবে মুক্তিযুদ্ধের ছাপ।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে টাইগারদের জার্সির ছবি প্রেরণ করেছে।
যাতে দেখা যায় জার্সির সামনের অংশে লাল রঙে থাকছে স্মৃতিসৌধ, তার পেছনে বিজয়ের লাল সূর্য। জলছাপে মানচিত্র ও মুক্তিযোদ্ধাদের মিছিল।
এর আগে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিশেষ জার্সির বিষয়টি নিশ্চিত করেন।
জার্সির বর্ণনা দিয়ে আকরাম বলেন, ‘জার্সিটা আমাদের জাতীয় পতাকার মতো করেছি। সবুজ ও লাল দিয়ে করা। এখানে অন্য কোনো রং নেই। আমাদের পতাকায় লাল সূর্য যেভাবে আছে সেটা তুলে ধরেছি। স্বাধীনতার পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছেন, যেভাবে স্বাধীনতা উদ্যাপন করেছেন সেটা তুলে ধরেছি। এর সঙ্গে আমাদের স্মৃতিসৌধও জার্সিতে তুলে ধরেছি।’
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া বাংলাদেশ চলতি বছর পা রাখবে পঞ্চাশে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নিজেদের মতো আয়োজনের ভাবনা আছে বিসিবিরও।
আকরাম জানালেন এর শুরুটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে, ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড ও প্লেয়াররা এতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদ্যাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি।’
মুজিববর্ষ উপলক্ষে বিসিবি সিরিজটির নামকরণ করেছে- ‘বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১’ নামে। এই সিরিজ দিয়েই করোনার দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা।
