শ্রীমঙ্গলে ছাত্রদলের বিক্ষোভ কমিটি প্রত্যাখ্যান

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০১:০০ এএম

ছাত্রদলের কেন্দ্রঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুতা মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, গত শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। এ খবর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রের এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রবিবার দুপুরে শহরে এ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।

পরে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জুতা প্রদর্শন করেন। এ সময় তারা রাজপথে তাদের প্রতিহত করারও হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তৃতায় নেতাকর্মীরা অভিযোগ করেন, টাকার বিনিময়ে বিবাহিত ও অছাত্র দিয়ে এ পকেট কমিটি গঠন করা হয়েছে। জুতা মিছিলের পাশাপাশি বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজি মুজিব ও ছাত্রদলের সিলেটের বিভাগীয় সমন্বক ওমর ফারুক কাওসারের কুশপুত্তলিকাও দাহ করেন।

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান শিপু অভিযোগ করে বলেন, কুখ্যাত সোনা চোরাকারবারি সোনা মুজিবের (বিএনপির নির্বাহী কমিটির সদস্য) কাছ থেকে টাকা খেয়ে জেলা কমিটিকে পাশ কাটিয়ে ওমর ফারুক কাওসার এ অবৈধ কমিটি অনুমোদন করেছেন। এ কমিটি আমরা মেনে নিতে পারি না। তিনি অবিলম্বে এ কমিটি বাতিল করে পরীক্ষিত যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে মৌলভীবাজার জেলা ছাত্রদল কর্তৃক কমিটি পুনঃগঠনের আহ্বান জানান।

শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান আহমেদ বলেন, ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিবাহিত। এ কমিটির অধিকাংশকে কেউ চেনে না, তাদের ছাত্রত্ব নেই, অনেকেই আবার অষ্টম শ্রেণি পাস। ঘোষিত কমিটি তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না; বরং রাজপথে তাদের প্রতিহত করা হবে।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ বলেন, হাজি মুজিবুর রহমান চৌধুরীর মনোনীতদের নিয়ে কেন্দ্র থেকে এ কমিটি গঠন করা হয়েছে। জেলার অনুমোদন না নেওয়ায় কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে এ বিতর্ক।

এ ব্যাপারে কথা বলার জন্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজি মুজিব ও ছাত্রদলের সিলেটের বিভাগীয় সমন্বক ওমর ফারুক কাওসারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তারা কল ধরেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত