করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী বুলা আহম্মেদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মহিলা পরিষদের নেত্রী হিসেবে নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ, শিক্ষাব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সমাজ গঠনমূলক কর্মকান্ডে অবদান রেখেছেন।
বুলা আহম্মেদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুসহ অনেকেই।
রাষ্ট্রপতি এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী তার শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
