এমসি কলেজে দল বেঁধে ধর্ষণ মামলায় বিচার শুরু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০১:২৯ এএম

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে (১৯) দল বেঁধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে মামলার পরবর্তী ধার্য দিন ২৪ জানুয়ারি থেকে এ বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে।

গতকাল রবিবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক চৌধুরী আট আসামির উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন।

ট্রাইব্যুনালের পিপি রাশিদা সাঈদা খানম জানান, দল বেঁধে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে মামলার আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

অভিযোগ গঠন উপলক্ষে গতকাল আসামি সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমকে আদালতে হাজির করা হয়।

এ সময় প্রধান আসামি সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলামের অব্যাহতি চেয়ে অভিযোগপত্রে ডিসচার্জ পিটিশন দাখিল করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে। অপর আসামি অর্জুন লস্কর ও মাহবুবুর রহমানের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে সেটিও নাকচ হয়। তবে কাঠগড়ায় থাকা আসামিরা নিজেকে নির্দোষ দাবি করেন। তবে পরীক্ষায় ভুক্তভোগীর শরীরে পাওয়া ডিএনএর সঙ্গে ছয় আসামির ডিএনএর মিল পাওয়া যায়। এরপর মামলার অভিযোগপত্রে আসামি সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজনকে সরাসরি ধর্ষণে জড়িত এবং রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করা হয়। আসামিরা সবাই এমসি কলেজ ও টিলাগড়কেন্দ্রিক ছাত্রলীগের রণজিত গ্রুপের সক্রিয় কর্মী। গত বছরের ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। ৩ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণ বিষয়ে প্রথম শুনানি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত