ভারতের উত্তর প্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘একেবারে বাংলাদেশি’ বলে কটাক্ষ করেছেন।
শুধু তাই নয়; মমতার সঙ্গে জঙ্গিদের জড়িয়ে বিতর্কিত মন্তব্যও করতে শোনা গেছে এই মন্ত্রীকে। উত্তর প্রদেশের সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি সভায় রবিবার বলেন, ‘মমতা ব্যানার্জি জঙ্গিদের নির্দেশ অনুযায়ী কাজ করছেন।’
‘মমতা ব্যানার্জি একেবারে বাংলাদেশি হয়ে গেছেন। পশ্চিমবঙ্গে বসে জঙ্গিদের নির্দেশনা নিয়ে কাজ করছেন,’ ভুলভাল বক্তব্যের জন্য বিখ্যাত এই মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ভারতের জন্য মমতা সবচেয়ে বড় বিপদ। পশ্চিমবঙ্গে সামনের নির্বাচনে হারার পর তাকে বাংলাদেশে শরণার্থী হিসেবে পাঠানো হবে।’
চলতি বছরের শেষ দিকে রাজ্যটিতে নির্বাচন হওয়ার কথা।
২৯৪টি আসনের এই রাজ্যে মমতার প্রায় একক আধিপত্য। সব ধর্মের অধিকার রক্ষা করতে গিয়ে তিনি প্রায়ই বিজেপির আক্রমণের শিকার হন।
আনন্দ স্বরূপ শুক্লা তার বিতর্কিত মন্তব্যের জন্য বেশ পরিচিত। এর আগে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তার কেন্দ্র বালিয়ার এক অনুষ্ঠানে শুক্লা বলেন, ‘এটা বলতে আমি বিন্দুমাত্র ইতস্তত করছি না যে মাওলানা আবুল কালাম আজাদের মনে ভারত ও ভারতীয়ত্বের কোনো স্থান ছিল না।’
