বরগুনার রিফাত হত্যা: দণ্ডপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক ৩ জনের জামিন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১২:৪১ এএম

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় বিচারিক আদালতে পাঁচ বছর করে কারাদণ্ড হওয়া তিনজনকে জামিন দিয়েছে উচ্চ আদালত।

সোমবার জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে সম্প্রতি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি।

তিনি বলেন, জামিন পাওয়া তিনজনই রিফাত হত্যা মামলায় পাঁচ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত ছিল। সম্প্রতি পৃথক দুটি তারিখে তিনজনের আপিল শুনানির জন্য গ্রহণ ও জামিনের আদেশ হয়। এ ছাড়া ১০ বছর করে সাজাপ্রাপ্ত আরও কয়েকজন হাইকোর্টে ইতিমধ্যে আপিল করেছে। তবে তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করলেও জামিন দেয়নি হাইকোর্ট।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। তদন্ত শেষে ওই বছরের ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয় অভিযোগপত্রে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর আলোচিত এ মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় দেয় বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ হয়।

এরপর গত ২৭ অক্টোবর বরগুনার শিশু আদালতে মামলাটির আরেক রায়ে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ছয়জনকে ১০ বছরের কারাদণ্ড, চারজনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয় এই রায়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত